২০২৬ বিশ্বকাপ ফাইনাল: একাধিক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে লিওনেল মেসি

বুয়েনস আইরেস, ১৯ জুলাই – ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচটি শুধু শিরোপা নির্ধারণের লড়াই নয় বরং ফুটবল জাদুকর লিওনেল মেসির ব্যক্তিগত অর্জনের মুকুটে আরও কিছু নতুন পালক যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে।
৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামনে এখন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দৃশ্যমান। একই সঙ্গে বিশ্বকাপের গোল্ডেন বুট, ক্যারিয়ারের তৃতীয় গোল্ডেন বল এবং নবম ব্যালন ডি’অর জয় নিয়েও ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন স্পোর্টসবুক ও প্রেডিকশন মার্কেটের বিশ্লেষণে গোল্ডেন বুট জয়ের অন্যতম দাবিদার হিসেবে মেসির নাম উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের পূর্বাভাস দানকারী প্রতিষ্ঠান কালশির তথ্য অনুযায়ী এই পুরস্কার জয়ের দৌড়ে তিনি বেশ এগিয়ে রয়েছেন। তবে এই লড়াইয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে ১০টি গোল ও ৪টি অ্যাসিস্ট নিয়ে এমবাপ্পে বর্তমানে তালিকার শীর্ষে অবস্থান করছেন।
অন্যদিকে মেসির গোল সংখ্যা ৮টি এবং অ্যাসিস্ট ৪টি। ফলে গোল্ডেন বুট নিজের করে নিতে হলে ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ককে অন্তত দুটি গোল করতে হবে। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি বা গোল্ডেন বলের দৌড়েও মেসি শক্তিশালী অবস্থানে আছেন। এর আগে ২০১৪ এবং ২০২২ সালে তিনি এই পুরস্কার জিতেছিলেন।
এবার এই ট্রফি জিততে পারলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তিনবার গোল্ডেন বল জয়ের অনন্য রেকর্ড গড়বেন তিনি। বিশ্লেষকদের মতে বিশ্বকাপের এই পারফরম্যান্স নবম ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
২০০৯ সালে প্রথমবার এই সম্মাননা জেতার পর সর্বশেষ ২০২৩ সালে তিনি এটি অর্জন করেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়েছিলেন মেসি। এবার স্পেনের বিপক্ষে জয় পেলে তিনি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা উপহার দিতে সক্ষম হবেন।
এস এম/ ১৯ জুলাই ২০২৬









