মধ্যপ্রাচ্য

ইরানে পানি শোধন কেন্দ্রে মার্কিন হামলা, ১০ হাজার মানুষের সংকট

তেহরান, ১৮ জুলাই – মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। টানা সপ্তম রাতের মতো দুই পক্ষ একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে।

অন্যদিকে ইরানও কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। উত্তেজনার এই পর্যায়ে ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে একটি পানি শোধন পাম্পে হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

এই হামলার প্রভাবে ওই এলাকার ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণ ব্যাহত হয়েছে। হরমোজগান পানি ও পয়ঃনিষ্কাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হামজেহ পুর সংবাদ সংস্থা তাসনিমকে জানিয়েছেন যে হামলায় বুঞ্জি প্ল্যান্টের সমুদ্র থেকে পানি তোলার পাম্পিং স্টেশন এবং একটি পাওয়ার ট্রান্সফরমার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি এই হামলাকে একটি অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। এর ফলে ওই অঞ্চলের সাধারণ গ্রামবাসী এখন তীব্র পানি সংকটের মুখে পড়েছেন।

এস এম/ ১৮ জুলাই ২০২৬


Back to top button