উত্তর আমেরিকা

আমেরিকার স্বাধীনতার ২৫০ বছরে ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলারের নতুন কয়েন

ওয়াশিংটন, ১৭ জুলাই – যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির নতুন ১ ডলারের কয়েনে যুক্ত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। মার্কিন মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএস মিন্ট সোনালি রঙের এই বিশেষ মুদ্রাটি বাজারে আনতে যাচ্ছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংবাদমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন এই মুদ্রার এক পাশে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি থাকবে। ছবির সঙ্গে ‘ইন গড উই ট্রাস্ট’ বাক্যটি এবং চারপাশে ‘লিবার্টি’ ও ‘১৭৭৬ থেকে ২০২৬’ লেখা থাকবে। মুদ্রার অপর পাশে থাকবে একটি ঈগলের প্রতীক, যার এক পায়ে থাকবে তির এবং অন্য পায়ে থাকবে জলপাইয়ের শাখা।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন মুদ্রা ও সরকারি দলিলে ট্রাম্পের নাম ও ছবি ব্যবহারের বিভিন্ন পরিকল্পনা সামনে আসছে। এর আগে তার ছবিসহ স্মারক পাসপোর্ট, ১০০ ডলারের নোটে স্বাক্ষর যুক্ত করা এবং ২৪ ক্যারেট স্বর্ণের মুদ্রার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এই মুদ্রাটি আমেরিকার স্বাধীনতা, জাতীয় অঙ্গীকার এবং মূল্যবোধের প্রতীক হিসেবে কাজ করবে। তবে প্রচলিত মার্কিন নিয়ম অনুযায়ী সরকারি মুদ্রায় সাধারণত মৃত ব্যক্তিদের ছবি ব্যবহার করা হয়।

ফলে জীবিত প্রেসিডেন্টের ছবি কয়েনে থাকা নিয়ে কিছুটা আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে স্কট বেসেন্ট বলেন, ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৫০ বছর পূর্তিতে তৎকালীন জীবিত প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি দিয়ে মুদ্রা তৈরি করা হয়েছিল। তাই এটি নজিরবিহীন কোনো ঘটনা নয়।

ইউএস মিন্টের ডিজাইন ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মেগান সুলিভান জানান, আইনি পর্যালোচনায় এই নকশার বিরুদ্ধে কোনো প্রতিবন্ধকতা পাওয়া যায়নি। নতুন এই কয়েনটি ২৫ সেন্টের চেয়ে আকারে বড় এবং ম্যাঙ্গানিজ ব্রাস দিয়ে তৈরি হবে। উল্লেখ্য, এই মুদ্রাটি ট্রেজারি বিভাগের ২৪ ক্যারেট স্বর্ণের স্মারক মুদ্রা থেকে সম্পূর্ণ আলাদা।

এস এম/ ১৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language