ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোর মামলা

ওয়াশিংটন, ১৭ জুলাই – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিতর্কিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে দেশটির দুটি মানবাধিকার সংগঠন।
ফিলিস্তিনপন্থী অধিকার সংস্থা, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তা এবং জাতিসংঘের একজন বিশেষায়িত দূতের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করা হয়েছে। বাদীপক্ষের দাবি, এই নিষেধাজ্ঞার মাধ্যমে মার্কিন নাগরিকদের সংবিধান স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে।
ম্যানহাটানের একটি ফেডারেল আদালতে বুধবার এই মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের জারি করা এই বিস্তৃত নিষেধাজ্ঞাগুলো ফিলিস্তিন সংক্রান্ত মানবাধিকার কার্যক্রমে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে অনেক মার্কিন নাগরিক তাদের পেশাগত সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হচ্ছেন এবং সংবিধান সম্মত কর্মকাণ্ড থেকে সরে আসছেন।
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা ডেমোক্রেসি ইন দ্য আরব ওয়ার্ল্ড নাও (DAWN)-এর নির্বাহী পরিচালক ওমর শাকির বলেন, ট্রাম্প প্রশাসন মানবাধিকারকর্মীদের শাস্তি দেওয়ার পাশাপাশি লাখো মার্কিন নাগরিকের রাজনৈতিক মতপ্রকাশ নিয়ন্ত্রণে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
নিউইয়র্কভিত্তিক ট্যাক্সপেয়ার অ্যালায়েন্স এগেইনস্ট জেনোসাইড এই মামলার অপর এক বাদী। ৪৩ পৃষ্ঠার এই মামলায় বলা হয়েছে, সংগঠন দুটি অধিকৃত পশ্চিম তীর ও গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের তথ্য ও প্রমাণ আইসিসিতে জমা দিতে সহায়তা করেছে।
বাদীপক্ষের দাবি, এই ধরণের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে নিশ্চিত করা বাকস্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতার অন্তর্ভুক্ত। কিন্তু ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল থাকলে সংশ্লিষ্ট মার্কিন নাগরিকরা ফৌজদারি মামলা বা বড় অংকের আর্থিক জরিমানার ঝুঁকিতে পড়তে পারেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণার ঠিক দুই দিন পরেই এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রয়োগ করে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
এই মামলায় বিবাদী করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং মার্কিন বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক ব্র্যাড স্মিথকে। হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিচারপ্রক্রিয়া ঠেকাতে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ অসাংবিধানিক।
এস এম/ ১৭ জুলাই ২০২৬









