মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র: জাতিসংঘে চীনের হুঁশিয়ারি

বেইজিং, ১৫ জুলাই – জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে চীন ইরান ও ইয়েমেনের হুতিদের কাছে পণ্য সরবরাহ বন্ধে যথেষ্ট ভূমিকা রাখছে না বলে পাল্টা দাবি করেছে যুক্তরাষ্ট্র।
এরই মধ্যে ইরানে মার্কিন হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন যার মধ্যে ৭ জন সেনা সদস্য রয়েছেন। চীনের রাষ্ট্রদূত সান লেই বলেন যে ইরানে বড় ধরনের হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে পুনরায় এক বিপজ্জনক পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে।
মূলত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের করা অভিযোগের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ চীনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তোলেন। ওয়াল্টজ বলেন যে চীন থেকে এমন কিছু সরঞ্জাম ইরান ও হুতিদের কাছে পৌঁছাচ্ছে যা সামরিক কাজে ব্যবহারযোগ্য।
এসব সরঞ্জাম ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ ও বিমানে হুমকি তৈরি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে মার্কিন দূতের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন সান লেই। তিনি জানান যে চীন এ ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে সর্বদা কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে। এদিকে টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
একই সাথে ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। হামলায় গত কয়েক দিনে দক্ষিণ ইরানে ৩০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং অন্তত ২৬০ জন আহত হয়েছেন। ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে বমপুর এলাকার একটি সামরিক ঘাঁটিতে ১৩টি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এতে ৭ জন সেনা নিহত হন। এই হামলাকে কাপুরুষোচিত হিসেবে আখ্যায়িত করে ইরানের সেনাবাহিনী সঠিক সময়ে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
এস এম/ ১৫ জুলাই ২০২৬









