উত্তর আমেরিকা

জিন ক্যারলকে ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প যৌন নিপীড়নের দায়ে

ওয়াশিংটন, ১৫ জুলাই – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখক ও সাবেক কলামিস্ট ই. জিন ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানি মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী ৫৬ লাখ ২০ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ পরিশোধ করেছেন। এই অর্থের মধ্যে জুরির নির্ধারিত ৫০ লাখ ডলার এবং আপিল চলাকালে জমা হওয়া সুদ অন্তর্ভুক্ত রয়েছে।

আদালতের নথি থেকে জানা যায়, ২০২৩ সালের রায়ের পর ট্রাম্প ওই অর্থ একটি আদালত নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা রেখেছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মামলাটি পুনর্বিবেচনার আবেদন গ্রহণে অস্বীকৃতি জানালে অর্থ ছাড়ের পথ সুগম হয়। এরপর বিচারক লুইস এ. ক্যাপলান অর্থ হস্তান্তরের নির্দেশ দেন।

মঙ্গলবার ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে তার মক্কেল পাওনা অর্থ হাতে পেয়েছেন। ক্যারল নিজেও তার সাবস্ট্যাক ব্লগে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিষয়টি জানিয়েছেন। বর্তমানে ৮২ বছর বয়সী ই. জিন ক্যারল অভিযোগ করেছিলেন যে গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেন।

পরবর্তীতে ২০২২ সালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই অভিযোগ অস্বীকার করে পোস্ট দিলে ক্যারল তার বিরুদ্ধে মানহানির মামলা করেন। যদিও ট্রাম্প শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

তবে ফেডারেল আপিল আদালত পূর্ববর্তী রায় বহাল রাখে এবং পরে সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করতে রাজি হয়নি। উল্লেখ্য যে অন্য একটি মানহানি মামলায় ক্যারলের পক্ষে প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণের রায় দেওয়া হয়েছিল যা নিয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language