প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৫ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে এই বড় উদ্যোগ নেওয়া হয়েছে।
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাগুলো তৃণমূল পর্যায় তথা উপজেলা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের স্কুল পর্যায়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে পদক তুলে দেওয়া হবে। এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে।
ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে বিজয়ীদের এ পদক দেওয়া হবে।
এনএন/ ১৫ জুলাই ২০২৬









