জাতীয়

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৪ জুলাই – শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমার কোনো মন্তব্যে শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকলে আমি তার জন্য দুঃখিত। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা বিবেচনা করে প্রয়োজনে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় গ্রহণ করা হতে পারে বলে তিনি জানান।

বন্যার মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়া নিয়ে সমালোচনার মুখে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে একজন পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে। গত সোমবার রাতে বিষয়টি নিয়ে ফেসবুকে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, সিটি কলেজের একজন ছাত্রীর সঙ্গে কথোপকথনের সময় এই মন্তব্য করেছিলেন মন্ত্রী।

মঙ্গলবার বিকেলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে সকালে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা শিক্ষা বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেন।

আসাদ গেট এলাকায় পুলিশের বাধা পেরিয়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে পৌঁছে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষাব্যবস্থার সংস্কার এবং মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।

এনএন/ ১৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language