ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ইংলিশ শিবিরে ডেক্লান রাইসকে নিয়ে অনিশ্চয়তা

লন্ডন, ১৪ জুলাই – বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড শিবিরে প্রধান উদ্বেগের নাম ডেক্লান রাইস। অসুস্থতার কারণে পুরোপুরি ফিট না হওয়ায় এই মিডফিল্ডারের খেলা নিয়ে এখনো সংশয় কাটেনি।

শেষ মুহূর্তের শারীরিক অবস্থা পর্যালোচনা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের চিকিৎসক দল। গত শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের বিরতির পর আর মাঠে নামতে পারেননি রাইস। ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল জানিয়েছেন যে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ের পর থেকেই ভাইরাসে আক্রান্ত ছিলেন রাইস।

যার কারণে ম্যাচের আগে তিন দিন তাকে বিছানায় কাটাতে হয়েছে। তবে গত দুই দিনে তার অবস্থার উন্নতি হওয়ায় আটলান্টায় অনুষ্ঠেয় সেমিফাইনালে তাকে পাওয়ার আশা বাড়ছে। ইংল্যান্ডের হয়ে ইতোমধ্যে ৭৮টি ম্যাচ খেলা রাইস চলতি আসরের কেবল একটি ম্যাচ ছাড়া সবকটিতেই মাঠে ছিলেন।

অসুস্থতা ছাড়াও কোমরের নিচের অংশ এবং উরুর পেশির স্নায়ুজনিত সমস্যা তাকে বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছে। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে রাইস নিজে মাঠে নামতে মুখিয়ে থাকলেও মেডিকেল টিমের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন কোচ টুখেল। তিনি কি রাইসকে নিয়ে শুরুর একাদশ সাজাবেন নাকি বিকল্প কোনো পরিকল্পনা করবেন তা আজই নিশ্চিত হওয়া যাবে।

এস এম/ ১৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language