চট্টগ্রাম ছাড়া দেশের সব বোর্ডে যথাসময়ে চলবে এইচএসসি পরীক্ষা

ঢাকা, ১৩ জুলাই – দেশের সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে অতিবৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
সোমবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো একটি নির্দিষ্ট বোর্ডের পরিস্থিতির কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়। বর্তমানে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড জানায় যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এলাকায় বন্যা ও বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য বোর্ডের আওতাধীন এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ বিদ্যমান রয়েছে।
কোনো নির্দিষ্ট এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিস্থিতি খারাপ হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ঠিক রাখতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরীক্ষার্থীদের সতর্কতার সঙ্গে এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএন/ ১৩ জুলাই ২০২৬









