ক্রিকেট

ইংল্যান্ডের টেস্ট কোচের পদ থেকে অপসারিত ব্রেন্ডন ম্যাককালাম

লন্ডন, ১৩ জুলাই – ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালামকে অব্যাহতি দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে তিনি দেশটির ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাটের প্রধান কোচের দায়িত্ব পালন করে যাবেন। এই সিদ্ধান্তের ফলে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদটি বর্তমানে শূন্য হয়ে পড়ল।

উল্লেখ্য যে, গত অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পরও প্রকাশ্যে ম্যাককালামের ওপর আস্থা রাখার কথা জানিয়েছিল ইসিবি। তবে হঠাৎ করেই তাকে সাদা পোশাকের ক্রিকেটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক দায়িত্ব হারিয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, এই দায়িত্বটি তিনি অত্যন্ত উপভোগ করেছেন। ম্যাককালাম আরও বলেন, দায়িত্ব চালিয়ে যেতে না পারাটা অবশ্যই হতাশাজনক, তবে তিনি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন।

এখন তার সম্পূর্ণ মনোযোগ থাকবে ইংল্যান্ডের সাদা বলের দল দুটির ওপর। ইংল্যান্ডের ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং টেস্ট দলের জন্য শুভকামনা জানিয়েছেন।

ইংল্যান্ডের ক্রিকেটে বহুল আলোচিত বাজবল তত্ত্বের প্রবর্তক ম্যাককালাম যুগের ইতি ঘটল এর মাধ্যমেই। গুঞ্জন রয়েছে, তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যান্ডি ফ্লাওয়ার।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language