সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর গভীর শোক

ঢাকা, ১২ জুলাই – জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এক শোকবার্তায় মন্ত্রী বলেন যে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বিশিষ্ট আইনজীবী।
তিনি সংসদীয় গণতন্ত্রের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সংসদীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আইনমন্ত্রী আরও উল্লেখ করেন যে,
দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশের রাজনীতি, আইনাঙ্গন এবং সংসদীয় কার্যক্রমে যে বিশাল অবদান রেখে গেছেন, জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে জমির উদ্দিন সরকার গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সংসদীয় কার্যক্রম পরিচালনা করেন। মৃত্যুকালে এই প্রবীণ রাজনীতিবিদের বয়স হয়েছিল ৯৫ বছর।
এস এম/ ১২ জুলাই ২০২৬









