ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, শিশুসহ নিহত ৬

কিয়েভ, ১২ জুলাই – ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার চালানো ভয়াবহ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন নগরীর মেয়র।
ফরাসি বার্তা সংস্থা এর প্রতিবেদন অনুযায়ী,
স্থানীয় সময় শনিবার সকালে কিয়েভে বিকট শব্দে দুটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় হামলাটি চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া রাতভর ১২০টি ড্রোন ও ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এর মধ্যে ছয়টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন এবং ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারলেও বাকি ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়। জেলেনস্কি আরও জানান, হামলার সতর্কতামূলক সাইরেন বাজার আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন বেসামরিক স্থাপনায় আঘাত হানে।
কিয়েভের আবাসিক ভবন, কার্যালয় ও একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় সামি শহরের মেয়রের দেওয়া তথ্যমতে, সেখানে আকাশ থেকে ছোড়া বোমায় এক কন্যাশিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন আরও দুজন।
এস এম/ ১২ জুলাই ২০২৬









