কাল প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল: বৃত্তি পাচ্ছে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী

ঢাকা, ১১ জুলাই – আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। এ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করবেন।
সাধারণ ও ট্যালেন্টপুল এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে খুব সহজে তাদের প্রাপ্ত নম্বর ও অবস্থান জানতে পারবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণস্বরূপ DPE 123456 লিখে পাঠাতে হবে। এ বছর সর্বমোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। নীতি অনুযায়ী মোট বৃত্তির ৮০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। অবশিষ্ট ২০ শতাংশ বৃত্তি প্রদান করা হবে বেসরকারি বা কিন্ডারগার্টেন পর্যায়ের পরীক্ষার্থীদের।
উল্লেখ্য পার্বত্য তিন জেলা রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান বাদে দেশের অন্যান্য জেলাগুলোতে গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পার্বত্য জেলাগুলোতে বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড এই দুই ভাগে বিভক্ত করে আর্থিক সুবিধা প্রদান করা হবে।
এস এম/ ১১ জুলাই ২০২৬









