ফুটবল

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা, প্রতিটি টুকরোর দাম ৪৫০ ডলার

নিউইয়র্ক, ১১ জুলাই – যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের মাঠের ঘাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের মাঠের প্রতিটি ঘাসের টুকরো ৪৫০ ডলারে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৫৫ হাজার টাকারও বেশি।

ফিফার অফিসিয়াল স্টোর অনুযায়ী, ফাইনাল ম্যাচের মাঠের আসল ঘাসের টুকরো একটি প্রিমিয়াম অ্যাক্রিলিক কাঠামোর ভেতর ইউএসবি কীপসেকসহ স্থায়ীভাবে সংরক্ষণ করে বিক্রি করা হবে। ঘাসের প্রতিটি টুকরোর আকার ১৭.৫ একক বলা হলেও সেটি ইঞ্চি নাকি সেন্টিমিটার তা নির্দিষ্ট করেনি ফিফা। এই বিশেষ স্মারকটি কেবল যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায় পাঠানো হবে এবং তা সরবরাহ করা হবে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর।

এবারের বিশ্বকাপে টিকিটের চড়া দাম নিয়ে ফিফা আগে থেকেই সমালোচনার মুখে রয়েছে। ফাইনালের সাধারণ টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার ৯৭০ ডলার পর্যন্ত ধরা হয়েছে।

মেটলাইফ স্টেডিয়ামে সাধারণত কৃত্রিম ঘাস ব্যবহার করা হলেও বিশ্বকাপের জন্য বিশেষ প্রাকৃতিক ঘাস প্রস্তুত করা হয়েছে। এর আগেও গত বছর ক্লাব বিশ্বকাপের ফাইনাল শেষে মেটলাইফ স্টেডিয়ামের পিচের অংশ নিলামে তুলেছিল ফিফা।

এনএন/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language