জাতীয়

১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ঢাকাসহ সারা দেশে ভারী বৃষ্টির সতর্কতা

ঢাকা, ১১ জুলাই – সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি দেশের আট বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামসহ সব বিভাগেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এনএন/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language