স্কালোনি ফাইনাল খেলতে চান স্পেনের বিপক্ষে

বুয়েনস আইরেস, ৭ জুলাই – ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শেষ ১৬ এর গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই বাঁচা মরার লড়াইয়ের আগে দলের রণকৌশল, অধিনায়ক লিওনেল মেসি এবং টুর্নামেন্টের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
স্পেনের বিপক্ষে সম্ভাব্য ফাইনাল খেলা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন একটি ম্যাচ দর্শকদের জন্য দারুণ হবে। তবে ফাইনালের পথ এখনো অনেক দীর্ঘ এবং দুই দলকেই কঠিন বাধা অতিক্রম করতে হবে। বর্তমান বিশ্বকাপের কড়া সমালোচনা করে স্কালোনি জানান, অতিরিক্ত ভ্রমণ, তীব্র গরম এবং মাঠের প্রতিকূলতার কারণে কোনো দলই এখন পর্যন্ত নিরঙ্কুশ আধিপত্য দেখাতে পারেনি।
এমনকি ফ্রান্সের মতো শক্তিশালী দলও প্যারাগুয়ের বিপক্ষে ধুঁকেছে। এছাড়া ব্রাজিলের মতো দলের নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়াকে একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন তিনি। স্কালোনি ভক্তদের আশ্বস্ত করে জানান, অধিনায়ক লিওনেল মেসি সম্পূর্ণ সুস্থ আছেন এবং মিসরের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন।
আগের ম্যাচে ১২০ মিনিট খেললেও তার মধ্যে ক্লান্তির কোনো ছাপ নেই। তবে প্রতিপক্ষ মিসরকে নিয়ে তিনি বেশ সতর্ক। বিশেষ করে মোহাম্মদ সালাহর মতো বিশ্বমানের তারকা যেকোনো দলের জন্যই বিপজ্জনক হতে পারেন বলে তিনি মনে করেন।
কেপ ভার্দের বিপক্ষে রক্ষণভাগে যে ভুলগুলো হয়েছিল, বিশেষ করে কাউন্টার অ্যাটাক ঠেকানো, তা নিয়ে ইতোমধ্যে কাজ করা হয়েছে বলে কোচ জানান। আর্জেন্টিনা সব সময় বল দখলে রেখে নিজেদের চেনা আক্রমণাত্মক ফুটবল খেলতেই মাঠে নামবে।
ম্যাচের একাদশ চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, লিয়ান্দ্রো পারেদেস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দলের আক্রমণের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জয়ের জন্য কেবল সুন্দর ফুটবল নয়, প্রয়োজনে লড়াকু মনোভাব ধরে রাখার ওপর জোর দিয়েছেন আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ড।
এস এম/ ৭ জুলাই ২০২৬









