ফুটবল

মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ, লুকাকুর ট্রাম্প ড্যান্সে নতুন বিতর্ক

ওয়াশিংটন, ৭ জুলাই – ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শেষ ১৬ এর লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। মাঠের খেলার পাশাপাশি এই ম্যাচকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক ও মাঠের বাইরের বিতর্ক এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর বেলজিয়ামের তারকা ফুটবলার রোমেলু লুকাকুর এক অভিনব উদযাপন ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। দলের চতুর্থ গোলের পর লুকাকু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত অঙ্গভঙ্গি বা ‘ট্রাম্প ড্যান্স’ নকল করে মার্কিন দলকে ব্যঙ্গ করেন যা মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

এই ম্যাচের আগে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। আগের ম্যাচে লাল কার্ড পাওয়ার কারণে বালোগানের এক ম্যাচ নিষিদ্ধ থাকার কথা থাকলেও ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা প্রধান জান্নি ইনফান্তিনোকে ফোন করে সিদ্ধান্তের পর্যালোচনার অনুরোধ জানান।

এরপর ফিফা নাটকীয়ভাবে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে খেলার অনুমতি দেয়। ফিফার এই পক্ষপাতমূলক সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছিল ফুটবল বিশ্ব। তবে ডোনাল্ড ট্রাম্পের এই সরাসরি হস্তক্ষেপ মাঠের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।

নিষেধাজ্ঞা থেকে ফেরা বালোগান পুরো ম্যাচে ছিলেন নিষ্প্রভ এবং বেলজিয়ামের রক্ষণভাগের সামনে কোনো সুবিধাই করতে পারেননি। বিপরীতে বেলজিয়ামের মুহুর্মুহু আক্রমণে তছনছ হয়ে যায় মার্কিন রক্ষণভাগ। ফলে ৪-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।

ম্যাচ শেষে বেলজিয়ামের মিডফিল্ডার ইউরি তিলেমান্স জানান যে বালোগান সংক্রান্ত বিতর্কটি তাদের দলকে আরও উজ্জীবিত করেছিল।

তিনি বলেন যে ফিফার সিদ্ধান্তের পর তারা জরুরি বৈঠক করেন এবং পারফরম্যান্সের মাধ্যমে এর জবাব দেওয়ার শপথ নেন। যুক্তরাষ্ট্রের এই লজ্জাজনক বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক পোস্টের কেন্দ্রে এখন লুকাকুর সেই নাচ।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language