ফুটবল

স্পেনের বিপক্ষে লড়াইয়ের আগে অবসরের প্রশ্নে যা বললেন রোনালদো

লিসবন, ৬ জুলাই – বিশ্বকাপের নকআউট পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের অবসর প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার চেয়ে বর্তমানে তার পুরো মনোযোগ স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইকে ঘিরে।

আজ ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পর্তুগাল ও স্পেন। এটি হবে পর্তুগালের হয়ে রোনালদোর ২৩৩তম আন্তর্জাতিক ম্যাচ। সম্প্রতি ৪১ বছর বয়সী এই মহাতারকাকে বারবার অবসরের বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে একই বিষয় উত্থাপিত হলে রোনালদো স্পষ্টভাবে জানিয়ে দেন যে বিদায়ের সিদ্ধান্ত তিনি সঠিক সময়ে নিজেই নেবেন। তিনি বলেন যখন আমার মনে হবে সময় হয়েছে তখনই আমি বিদায় বলব। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামীকালের ম্যাচ।

অবসরের মতো বিষয় নিয়ে আলোচনা করে আমি মনোযোগ হারাতে চাই না। ফুটবলের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে রোনালদো আরও জানান ফুটবলকে তিনি তার সর্বস্ব দিয়েছেন। তিনি বলেন আগামী ম্যাচে যাই ঘটুক না কেন আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি কোনো প্রয়োজনে নয় বরং খেলাটিকে ভালোবেসে এতদিন খেলেছি।

জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে সবসময়ই বড় গৌরবের। বিশ্বকাপের মতো বড় মঞ্চে অতিরিক্ত চাপ না নিয়ে বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান বলে জানান পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী এই ফরোয়ার্ড। নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করে রোনালদো বলেন বিশ্বকাপে আমি খুব একটা খারাপ করছি না।

আমি ইতোমধ্যেই তিনটি গোল করেছি। অন্য কেউ হয়তো আরও ভালো খেলছে তবে আমি নিজের পারফরম্যান্সে খুশি। গ্রুপ পর্বে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও পর্তুগাল ধীরে ধীরে ছন্দে ফিরেছে। উজবেকিস্তানকে ৫-০ গোলে হারানোর পর কলম্বিয়ার সঙ্গে ড্র এবং শেষ ষোলো নিশ্চিত করতে শক্তিশালী ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা।

স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকার করলেও দলের সামর্থ্যে পূর্ণ আস্থা রয়েছে এই অধিনায়কের। তিনি বলেন আমরা যদি নিজেদের ওপর বিশ্বাস না রাখতাম তবে এখানে আসতে পারতাম না।

প্রতিটি ম্যাচেই আমরা উন্নতি করছি। দল এখন শান্ত ও আত্মবিশ্বাসী। স্পেনকে ফেভারিট উল্লেখ করে রোনালদো বলেন তারা ইউরো ও নেশন্স লিগ জেতায় এই ম্যাচে এগিয়ে থাকবে। তাদের অর্জন আমাদের চেয়ে বেশি হলেও এটি একটি ভিন্ন টুর্নামেন্ট এবং ভিন্ন পরিস্থিতি। আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমরাই জয়ী হব।

এস এম/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language