প্রথম বিশ্বকাপে চমক দেখিয়ে আড়াইশ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

প্রাইয়া, ৫ জুলাই – প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই চমক সৃষ্টি করেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। রাউন্ড অব ৩২ এ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাদের। তবে মাঠের লড়াকু পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছে দলটি।
ফিফার নির্ধারিত কাঠামো অনুযায়ী বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলই নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকে। সেই ধারাবাহিকতায় প্রস্তুতি, ভ্রমণ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের পাশাপাশি প্রাইজ মানি মিলিয়ে বড় অঙ্কের অর্থ পাচ্ছে কেপ ভার্দে।
সব মিলিয়ে দলটির প্রাপ্তি দাঁড়াচ্ছে অন্তত ২১ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি টাকারও বেশি। এই অর্থের একটি অংশ খেলোয়াড় ও কর্মকর্তাদের বোনাস হিসেবে দেওয়া হবে।
তবে সিংহভাগ অর্থ জমা হবে দেশটির ফুটবল ফেডারেশনের তহবিলে। মূলত তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং যুব দলের মানোন্নয়নে এই বিপুল পরিমাণ তহবিল বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
ছোট দেশগুলোর জন্য বিশ্বকাপের এই আয় ঘরোয়া ফুটবলকে কয়েক বছর এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এস এম/ ৫ জুলাই ২০২৬









