ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচে নিরাপত্তা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা

মেক্সিকো সিটি, ৫ জুলাই – বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াইয়ে গ্যালারি ভর্তি মেক্সিকান সমর্থকদের চাপের পাশাপাশি মাঠের বাইরেও উন্মাদনা তুঙ্গে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই হাইভোল্টেজ ম্যাচের আগে মেক্সিকো সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
মেক্সিকোর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে দেশটির রাজধানীসহ বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে যে, অতীতে খেলা দেখার এ ধরনের জনসমাগমস্থলে অতিরিক্ত ভিড়ের কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে।
এছাড়া সম্ভাব্য বিক্ষোভ বা জনরোষের বিষয়েও দূতাবাস থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে নাগরিকদের পারিপার্শ্বিক পরিস্থিতির বিষয়ে সচেতন থাকতে এবং বিশেষ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে রাউন্ড ৩২ এর লড়াইয়ে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকো শেষ ষোলো নিশ্চিত করেছিল। ওই জয়ের পর মেক্সিকো সিটিতে আনন্দ উদযাপনের সময় পদদলিত হয়ে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধেই এবার কঠোর অবস্থান নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এস এম/ ৫ জুলাই ২০২৬









