রাজধানীর হাজারীবাগে কিশোরের রহস্যজনক আত্মহত্যা

ঢাকা, ৫ জুলাই – রাজধানীর হাজারীবাগে মো. নাঈম নামে ১৭ বছর বয়সী এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে হাজারীবাগের টালি অফিস এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত নাঈমের বাবা আব্দুল মান্নান জানান, তিনি এবং তার ছেলে দুজনেই ভ্যানে করে আম বিক্রি করতেন।
ঘটনার সময় নাঈমের মা গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন এবং বাসায় অন্য কেউ ছিল না। রাতে বৃষ্টির কারণে আব্দুল মান্নান দ্রুত বাসায় ফিরে দেখেন ছেলের ভ্যানটি বাইরে নেই এবং ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাঈমের পরিবার মূলতঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা।
বর্তমানে তারা হাজারীবাগের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নাঈম ছিল সবার ছোট। তবে ঠিক কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, সেই সম্পর্কে পরিবারের সদস্যরা কোনো কারণ জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এস এম/ ৫ জুলাই ২০২৬









