ফুটবল

ভিনিসিয়ুস বনাম হালান্ড: মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের হাইভোল্টেজ দ্বৈরথ

নিউইয়র্ক, ৫ জুলাই – ফুটবল মাঠে লড়াই যেমন দুই দলের মধ্যে হয় তেমনি মাঠের দ্বৈরথ খেলোয়াড়দের মধ্যেও উত্তাপ ছড়ায়। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচে বিশ্বের অন্যতম শীর্ষ দুই স্ট্রাইকারের সরাসরি লড়াই দেখা যাবে।সেলেসাওদের হয়ে মাঠে নামবেন ভিনিসিয়ুস জুনিয়র এবং নরওয়ের প্রধান তারকা হিসেবে থাকবেন আর্লিং হালান্ড।

নরওয়ের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিল কিছুটা অস্বস্তিতে থাকলেও ভিনিসিয়ুসের সাম্প্রতিক ফর্ম দলটিকে ভরসা দিচ্ছে।

ক্লাব ফুটবলে এই দুই তারকার বেশ কয়েকবার দেখা হয়েছে। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের হয়ে তারা আটটি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন। এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে তারা একে অপরের বিরুদ্ধে নামছেন।

ব্যক্তিগত দ্বৈরথের হিসেবে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস এগিয়ে রয়েছেন। ক্লাব ফুটবলে আটবারের দেখায় তিনি চারটি জয় অর্জন করেছেন যেখানে হালান্ড জিতেছেন দুবার এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড এই ম্যাচগুলোতে তিনটি গোল এবং পাঁচটি অ্যাসিস্টসহ মোট আটটি গোলে অবদান রেখেছেন। বিপরীতে হালান্ড ম্যানচেস্টার সিটির হয়ে ভিনিসিয়ুসের দলের বিপক্ষে চারটি গোল করতে সক্ষম হয়েছেন।

বিশ্বকাপের বর্তমান আসরেও দুই খেলোয়াড় গোলদাতার তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। নরওয়ের স্ট্রাইকার হালান্ড করেছেন পাঁচটি গোল এবং ব্রাজিলের ভিনিসিয়ুস করেছেন চারটি গোল।

নকআউট পর্বের এই ম্যাচে হারের মাধ্যমে যেকোনো এক তারকার বিদায় নিশ্চিত হবে। মেটলাইফ স্টেডিয়ামের এই লড়াইয়ে ফুটবল বিশ্ব এখন দুই তারকার গোল উৎসব দেখার অপেক্ষায় রয়েছে।

এনএন/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language