জাতীয়

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

ঢাকা, ৪ জুলাই – জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তেহরানের গ্রান্ড মাসাল্লায় আয়োজিত এই শোকাবহ অনুষ্ঠানে তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শোক প্রকাশ শেষে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন।

এর আগে স্পিকার তেহরান পৌঁছালে ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে তিনি ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। স্পিকার সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন এবং এই শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

তিনি আশা প্রকাশ করেন যে, সংলাপ ও কূটনীতির মাধ্যমেই আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তিনি ইরানের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অন্য এক বৈঠকে ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সাথে স্পিকারের আলোচনা হয়।

বৈঠকে ইরানি মন্ত্রী দেশটিতে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন এবং ক্রীড়া ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। স্পিকার বিষয়টি বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানানোর আশ্বাস দেন।

সবশেষে তিনি ইরান রেডিওর বাংলা বিভাগকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস সেবা বৃদ্ধির ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language