কিয়েভে রাশিয়ার স্মরণকালের ভয়াবহ হামলা: নিহত ২১, আহত ৮৫

কিয়েভ, ৩ জুলাই – ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। টানা ১১ ঘণ্টা ধরে চলা এই ভয়াবহ ধ্বংসযজ্ঞে দুই শিশুসহ আহত হয়েছেন আরও ৮৫ জন। কিয়েভের মেয়রের মতে, এটি রাজধানীর ওপর চালানো এযাবতকালের সবচেয়ে বড় হামলা।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে,
রাশিয়া রাতভর ৭৪টি ক্ষেপণাস্ত্র এবং ৪৯৬টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শহরের অন্তত ৩৩টি স্থানে সরাসরি আঘাত হানে। হামলায় একটি ৯ তলা আবাসিক ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া রাস্তায় থাকা অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়ে চারপাশ বারুদের ধূসর ছাইতে ঢেকে যায়।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। হামলায় আন্তর্জাতিক রেড ক্রসের একটি বড় গুদামও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখানে থাকা প্রায় ১৩ লাখ পাউন্ড মূল্যের তিন লাখ ২০ হাজার পিস ত্রাণসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
প্রাণ বাঁচাতে ওই রাতে প্রায় ৫২ হাজার মানুষ ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কিয়েভের ওপর এই চাপ অব্যাহত থাকবে।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বেসামরিক জনগণের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের কাছে আরও উন্নত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন।
এস এম/ ৩ জুলাই ২০২৬









