মেসির বিশ্বরেকর্ডের খুব কাছে এমবাপে, টপকালেন ক্লোসাকে

নিউ জার্সি, ১ জুলাই – চলতি বিশ্বকাপ শুরুর আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা ১৬ গোলই ছিল বিশ্বরেকর্ড। তবে এবারের আসরে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ১৯ গোল নিয়ে বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ স্থানটি নিজের দখলে রেখেছেন তিনি।
মেসির সেই সিংহাসনের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছেন ২৭ বছর বয়সী ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২ ম্যাচে ফ্রান্স ৩-০ ব্যবধানে জয় পায়। এই ম্যাচে জোড়া গোল করার মধ্য দিয়ে ক্লোসাকে টপকে বিশ্বকাপে এমবাপের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। মেসিকে স্পর্শ করতে এমবাপের প্রয়োজন আর মাত্র একটি গোল।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন এমবাপে। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করার পর নকআউট পর্বেও নিজের ছন্দ বজায় রেখেছেন তিনি।
এদিকে ৩৯ বছর বয়সী মেসিও সুযোগ পাচ্ছেন এমবাপের সাথে ব্যবধান বাড়িয়ে নেওয়ার। নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোল করতে পারলে নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করবেন এই আর্জেন্টাইন মহাতারকা।
এনএন/ ১ জুলাই ২০২৬









