জাতীয়

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: ডিএমপি কমিশনার

ঢাকা, ৩০ জুন – রাজধানী ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ করা শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, এই সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সকল সংস্থার সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর লেক রোডে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের এবং যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার উল্লেখ করেন যে, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ডিএমপির পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তবে একা পুলিশের পক্ষে এই বিশাল সমস্যার সমাধান করা কঠিন। এই বিষয়ে বর্তমানে সমন্বিতভাবে কাজ করার প্রক্রিয়া চলছে। রাজধানীর ১৮টি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এসব ক্যামেরা চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে এবং ৩৮ হাজার সমন জারি করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, গত ৭ মে থেকে ঢাকার বিভিন্ন মোড়ে পরীক্ষামূলকভাবে এই এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করা হচ্ছে এবং পরে ডিজিটাল পদ্ধতিতে মালিকের নামে মামলা করা হচ্ছে।

কমিশনার আরও জানান, এআই ক্যামেরা চালুর ফলে ট্রাফিক সিগন্যালে আইন মানার প্রবণতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আগে ট্রাফিক সদস্যদের সিগন্যাল নিয়ন্ত্রণে ব্যাপক বেগ পেতে হলেও বর্তমানে পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হয়েছে।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language