সেনা নিহতের তথ্য গোপনের অভিযোগ: রাজনাথের পদত্যাগ ও মোদির ক্ষমা দাবি কংগ্রেসের

নয়া দিল্লি, ৩০ জুন – ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে নিহত ভারতীয় সেনাসদস্যদের তথ্য গোপন করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি। প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনার দায় স্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদন অনুযায়ী চার দিনব্যাপী ওই সংঘাত অপারেশন সিঁদুর নামে পরিচিত। অভিযোগ উঠেছে এই অভিযানে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে সংসদকে বিভ্রান্ত করেছে কেন্দ্রীয় সরকার।
সরকারি তথ্য মতে ওই লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজনসহ মোট ছয়জন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।
কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে সরকার নিহতদের তথ্য লুকিয়ে তাদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত করেছে।
অনূমা আচার্য দাবি করেন বিগত সরকারগুলো শহীদদের যথাযথ সম্মান দিলেও বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী অভিযোগ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে কোনও সেনা নিহত হয়নি বলে ভুল তথ্য দিয়েছিলেন।
তখন ক্ষমতাসীন দলের সদস্যরা তা উদযাপন করেছিলেন। নিহত সেনাদের নাম প্রকাশ করতে সরকারের কেন ১৩ মাস সময় লাগল সেই প্রশ্ন তুলে কংগ্রেস জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ আনার প্রক্রিয়া শুরু করা হবে।
এস এম/ ৩০ জুন ২০২৬









