ব্যবসা

দেশের বাজারে স্বর্ণের দাম ফের বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা

ঢাকা, ২৭ জুন – দেশের বাজারে টানা দুই দফা কমার পর আবারো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। সবশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করা হয়েছে।

এর ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায়।

নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language