ফুটবল

ইরানের ফুটবল দলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

তেহরান, ২৪ জুন – ইরানের ফুটবল দলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে যে, পরবর্তী ম্যাচের অন্তত দুই দিন আগে ইরানি স্কোয়াড যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

এর ফলে মেক্সিকোর তিজুয়ানায় অবস্থিত বেস ক্যাম্প থেকে বুধবারই সিয়াটলের উদ্দেশ্যে যাত্রা করবে দলটি। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ম্যাচ শেষে ওই দিনই ইরানি দলকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

ইরান ফুটবল ফেডারেশনও বিষয়টি নিশ্চিত করেছে। হোয়াইট হাউজ ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি এই প্রসঙ্গে বলেন, এটি একটি পরিকল্পিত পদক্ষেপ ছিল। প্রথম দুটি ম্যাচে দলের আসা যাওয়া পর্যবেক্ষণ করার পর দীর্ঘ ভ্রমণের সময় কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ইরানের স্কোয়াড ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল দলটিকে। শুরুতে আরিজোনার টাকসনে তাদের বেস ক্যাম্প করার কথা থাকলেও পরে তা মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়।

এছাড়া সাপোর্ট স্টাফ ও ফেডারেশন কর্মকর্তাদের ভিসা প্রাপ্তিতেও জটিলতা ছিল। প্রথম দুটি ম্যাচের ক্ষেত্রে ম্যাচের মাত্র এক দিন আগে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সাধারণত ম্যাচের আগের দিন ভ্রমণ করা খুব অস্বাভাবিক না হলেও, আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া এবং খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে বাড়তি সময়ের প্রয়োজন ছিল ইরানের।

বর্তমানে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ জি এর দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। একই গ্রুপে বেলজিয়ামের পয়েন্ট ২ এবং ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিসর। বেলজিয়ামের সঙ্গে ড্র এবং নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলের সমতার পর নকআউট পর্বের দৌড়ে ভালোভাবেই টিকে আছে ইরান।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language