দেশের বাজারে সোনার গহনার দাম কমল ৫ হাজার ৪৮২ টাকা

ঢাকা, ২৪ জুন – দেশের বাজারে সোনার গহনার দাম এক লাফে অনেকটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত ২২ জুন ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৪৩২ টাকা বাড়ানো হয়েছিল। দাম বাড়ানোর মাত্র দুই দিনের মাথায় পুনরায় দাম কমানোর ঘোষণা এল।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা করা হয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। রুপার গহনার ক্ষেত্রে আগের মতোই ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য থাকবে।
এনএন/ ২৪ জুন ২০২৬









