ফুটবল

ইরাকের বিপক্ষে নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে ফ্রান্স

প্যারিস, ২২ জুন – ২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ আই এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সোমবার ইরাকের মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের মাঠে অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয় পেলেই ফরাসিদের শেষ ৩২ বা নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে।

নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানের দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দিদিয়ের দেশমের দল। সেই ম্যাচে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন। ইরাকের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে দলের মূল কাঠামোতে বড় কোনো পরিবর্তনের পক্ষে নন কোচ দেশম।

নকআউটের পথে এগিয়ে যাওয়ার সময় দলের জয়ের ছন্দ এবং ভারসাম্য বজায় রাখতেই কেবল ছোটখাটো কিছু পরিবর্তন আনতে পারেন তিনি। রক্ষণভাগে সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে কিছুটা দুর্বলতা দেখা গেলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় লেস ব্লুজরা।

ইরাক ম্যাচের একাদশে মাঠের বাম প্রান্তে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। আক্রমণভাগে ডেসিরে ডুয়ের পরিবর্তে তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা এবং লেফট ব্যাক পজিশনে থিও হার্নান্দেজের জায়গায় অভিজ্ঞ লুকাস দিনিয়েকে দেখা যেতে পারে। এছাড়া মাঝমাঠে মানু কোনেকে শুরুর একাদশে রাখার ইঙ্গিত দিয়েছেন কোচ।

তবে আক্রমণভাগে কিলিয়ান এমবাপের সাথে থাকছেন মাইকেল অলিস এবং উসমান দেম্বেলে। অন্যদিকে ইরাক তাদের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে পরাজিত হয়ে চাপে রয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে ফরাসিদের বিপক্ষে ইতিবাচক ফলের বিকল্প নেই তাদের কাছে।

প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও বিন্দুমাত্র আত্মতুষ্টিতে ভুগছে না ফরাসি শিবির। দলের তারকা সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা জানান যে ইরাককে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে ভাবছেন না তারা। তিনি বলেন যে মাঠের লড়াইয়ে জয় পেতে হলে তাদের নিজেদের সেরাটা দিতে হবে।

এস এম/ ২২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language