প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শুরু

ঢাকা, ২১ জুন – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। এই গুরুত্বপূর্ণ ছয় দিনের সফরের প্রথম অংশে তিনি ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া অবস্থান করবেন এবং পরবর্তী অংশে ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। সফর শেষে আগামী ২৬ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো এই সফরকে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।
কূটনৈতিক পর্যায় থেকে জানা গেছে, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার, কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়গুলো গুরুত্ব পাবে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরকালে দুই দেশের মধ্যে অন্তত ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান ও একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে।
এস এম/ ২১ জুন ২০২৬









