ফুটবল

রাফিনিয়ার চোট নিয়ে ব্রাজিলের বড় ঘোষণা, ফিরছেন নেইমার

ব্রাসেলস, ২১ জুন – হাইতির বিপক্ষে বড় জয়ের দিন চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের অন্যতম ফরোয়ার্ড রাফিনিয়া। তার ইনজুরি নিয়ে ভক্তদের উৎকণ্ঠার মাঝে আশার বাণী শুনিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে যে পরীক্ষা নিরীক্ষার পর রাফিনিয়ার ডান পায়ের উরুর পেশিতে চোট ধরা পড়েছে।

তবে ২৯ বছর বয়সী এই বার্সেলোনা তারকাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হচ্ছে না। তিনি বর্তমানে জাতীয় দলের মেডিকেল টিমের নিবিড় তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সব ধরনের চিকিৎসা প্রটোকল অনুসরণ করা হচ্ছে।

যদিও তিনি ঠিক কবে মাঠে ফিরবেন তা এখনো নিশ্চিত করা হয়নি। টুর্নামেন্টের শুরু থেকেই চোটের মিছিলে থাকা কোচ কার্লো আনচেলত্তির জন্য এটি একটি স্বস্তির খবর। এর আগে রদ্রিগো এবং এস্তেভাওর মতো তারকারা চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

অন্যদিকে ব্রাজিলের জন্য বড় সুখবর হলো তারকা ফুটবলার নেইমার জুনিয়ারের ফেরা। কাফ মাসলের সমস্যার কারণে প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও পরবর্তী ম্যাচে তিনি মাঠে ফিরছেন বলে কোচ নিশ্চিত করেছেন। বর্তমানে গ্রুপ সি এর শীর্ষে থাকা ব্রাজিল বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language