ফুটবল

বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি নেদারল্যান্ডস ও সুইডেন

ওয়াশিংটন, ২০ জুন – বিশ্বকাপ ফুটবলের গ্রুপ এফ-এর হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি নেদারল্যান্ডস ও সুইডেন। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াইয়ে বিশেষ প্রভাব ফেলতে পারে।

নেদারল্যান্ডস তাদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে কিছুটা হোঁচট খেলেও সুইডেন তাদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।

ফুটবল পরিসংখ্যান ও মাঠের শক্তিমত্তার বিচারে ডাচরা এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকছে। ফুটবল বিশ্লেষণকারী সংস্থা অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৫৫.৯ শতাংশ। অন্যদিকে সুইডেনের জয়ের সম্ভাবনা ২০.৮ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ২৩.৩ শতাংশ।

ডাচ প্রধান কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন যে জাপানের বিপক্ষে পয়েন্ট হারানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ তারা মাঠে আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেবেন। তবে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং এবং কুইন্টন টিম্বারের ইনজুরি নিয়ে অনিশ্চয়তা কিছুটা দুশ্চিন্তা বাড়াচ্ছে ডাচ শিবিরে।

অপরদিকে সুইডেন তাদের সাফল্যের জন্য তাকিয়ে আছে দলের দুই দক্ষ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও আলেক্সান্ডার ইসাকের ওপর।

তিউনিসিয়ার বিপক্ষে বড় জয়ের ম্যাচে তারা দুজনেই গোল করে নিজেদের দারুণ ফর্মের প্রমাণ দিয়েছেন। যদিও কাগজে কলমে নেদারল্যান্ডস এগিয়ে তবে সুইডেনের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে আজ হিউস্টনে যে কোনো ফলাফলই সম্ভব।

এস এম/ ২০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language