ফুটবল

মুখ ঢেকে কথা বলে নতুন নিয়মে লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন

ওয়াশিংটন, ২০ জুন – বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায়ের সূচনা করলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলার কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

ফুটবলের নতুন এই নিয়মে শাস্তি পাওয়া বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে নাম লেখালেন তিনি। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে প্যারাগুয়ে যখন এক শূন্য গোলে এগিয়ে ছিল, ঠিক তখনই ঘটে এই ঘটনা। তুর্কি ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে কথা বলার সময় আলমিরন তার হাত দিয়ে মুখ আড়াল করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ম্যাচ রেফারি ও কর্মকর্তাদের নজরে আসে। পরবর্তীতে এল সালভাদরের রেফারি ইভান বার্টন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে ঘটনাটি পর্যালোচনা করেন এবং নিয়ম ভঙ্গের দায়ে তাকে সরাসরি লাল কার্ড প্রদর্শন করেন।

ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড মাঠের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে এই বিশেষ নিয়ম চালু করেছে।

চলতি বছরের এপ্রিলে কানাডার ভ্যাঙ্কুভারে এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, কোনো ফুটবলার যদি মাঠে ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে রেফারি বা প্রতিপক্ষের সঙ্গে কথা বলেন, তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই নিয়মের প্রথম প্রয়োগ ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই আইন কার্যকর হওয়ায় এখন থেকে মাঠের ভেতরে খেলোয়াড়দের নিজেদের আচরণের প্রতি আরও বেশি সচেতন হতে হবে। এর আগে মুখ ঢেকে কৌশলী কথা বলার চল থাকলেও আধুনিক ফুটবলে তা এখন নিষিদ্ধ।

এস এম/ ২০ জুন ২০২৬


Back to top button