ফুটবল

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন রোনালদো, ভেঙে দিলেন হাচিনসনের রেকর্ড

লিসবন, ১৭ জুন – ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হিসেবে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের জার্সি গায়ে মাঠে নেমে তিনি এই অনন্য কীর্তি অর্জন করেন।

এই অর্জনের পথে রোনালদো ভেঙে দিয়েছেন কানাডার সাবেক অধিনায়ক আতিবা হাচিনসনের রেকর্ড। ২০২২ সালের বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৯ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নেমেছিলেন হাচিনসন। ৪১ বছর বয়সে পর্তুগিজ তারকা তাকে ছাড়িয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।

এই আসরের মাধ্যমে রোনালদো ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন এবং স্পর্শ করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। একই দিনে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে মেসিও টানা ছয়টি বিশ্বকাপে খেলার মাইলফলক স্পর্শ করেন।

মেসি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখালেও রোনালদোর সামনে সুযোগ রয়েছে ছয়টি ভিন্ন আসরে গোল করে নতুন বিশ্ব রেকর্ড গড়ার।

কঙ্গোর বিপক্ষে পর্তুগালের আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। কোচ রবার্তো মার্তিনেজ তাকে কেন্দ্র করেই মূল একাদশ সাজিয়েছেন।

মধ্যমাঠ সামলেছেন ভিতিনিয়া, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ ও বার্নার্দো সিলভার মতো তারকা ফুটবলাররা। রক্ষণের দায়িত্বে ছিলেন জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা এবং নুনো মেন্দেস। গোলপোস্টের নিচে প্রহরী হিসেবে ছিলেন দিয়োগো কস্তা। পর্তুগালের এই শক্তিশালী স্কোয়াডে আরও জায়গা পেয়েছেন ফরোয়ার্ড পেদ্রো নেতো।

এনএন/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language