ফুটবল

বিশ্বকাপে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া মহারণ: কেইনের সামনে মদ্রিচের চ্যালেঞ্জ

লন্ডন, ১৭ জুন – বিশ্বকাপের মঞ্চে আবারও একে অপরের মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘এল’ গ্রুপের এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। দীর্ঘ ৬০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজয়ের স্বপ্ন বুনছেন থমাস টুখেলের শিষ্যরা।

অন্যদিকে অভিজ্ঞ লুকা মদ্রিচের হাত ধরে আরও একবার ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিতে প্রস্তুত গত বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়া। বায়ার্ন মিউনিখের হয়ে চমৎকার একটি মৌসুম পার করা অধিনায়ক হ্যারি কেইনের ফর্ম এখন ইংল্যান্ডের প্রধান শক্তি।

কেইন নিজেও বিশ্বাস করেন যে এবার তাদের সামনে বিশ্বসেরা হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। তবে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ প্রতিপক্ষকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন যে হ্যারি কেইনের মতো একজন বিশ্বমানের স্ট্রাইকারকে আটকে রাখা তাদের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

ক্রোয়াটদের প্রধান ভরসা হিসেবে মাঠে নামবেন ৪০ বছর বয়সী তারকা লুকা মদ্রিচ। এটি হতে যাচ্ছে তার ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচ। পরিসংখ্যান এবং সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচে ইংল্যান্ড জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে।

কেইনদের জয়ের সম্ভাবনা যেখানে ৫৬ শতাংশ ধরা হচ্ছে সেখানে ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ২১ শতাংশের কাছাকাছি। দুই দলের পূর্বের ১১ বারের দেখায় ৬ বারই জিতেছে ইংল্যান্ড আর ৩টি ম্যাচে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। তবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার সুখস্মৃতি ক্রোয়াটদের মনে বাড়তি প্রেরণা জোগাচ্ছে।

ইনজুরি সমস্যা কিছুটা হলেও ভাবিয়ে তুলছে ইংল্যান্ড শিবিরকে। অনুশীলনে আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার টিনো লিভরামেন্টো। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ট্রেভোহ চালোবাহকে। তবে ক্রোয়েশিয়া দলে ইনজুরি নিয়ে নতুন কোনো উদ্বেগের খবর পাওয়া যায়নি।

এস এম/ ১৭ জুন ২০২৬


Back to top button