ইউরোপ

পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে রাজি জেলেনস্কি

কিয়েভ, ১৬ জুন – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার তিনি জানান, মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটি বৈঠকের প্রস্তাব পুতিনের পক্ষে প্রত্যাখ্যান করা কঠিন হবে।

জেলেনস্কি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং বর্তমানে এর প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে এর আগেও পুতিনের কাছে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে ক্রেমলিন বারবার তা নাকচ করে দিয়েছে।

জেলেনস্কি আরও জানান, ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনেও পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি তা এড়িয়ে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে বৈঠকের মাধ্যমে রাশিয়ার ওপর এক প্রকার নৈতিক চাপ সৃষ্টি হবে।

যদি মস্কো এই সুযোগটিও ফিরিয়ে দেয়, তবে তাদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো প্রয়োজন। ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা গেছে, কূটনীতিক ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই প্রস্তাব আগেই পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো স্পষ্ট সাড়া মেলেনি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এটি ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ সংঘাত হিসেবে পরিচিতি পেয়েছে। পুতিন এর আগে জানিয়েছিলেন, একটি খসড়া শান্তি চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বৈঠকের কোনো সার্থকতা নেই।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language