মধ্যপ্রাচ্য

লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: মার্কিন চুক্তির পরও অনড় অবস্থান

তেল আবিব, ১৫ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল। দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজায় দখল করা এলাকাগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন যে,

বর্তমান বা ভবিষ্যতের যে কোনো চাপ সত্ত্বেও লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি মেনে নেবে না তেল আবিব। দক্ষিণ লেবাননে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো স্থানীয় বাসিন্দামুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি অনুযায়ী,

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে স্পষ্ট করেছেন। কাটজ আরও জানান যে, তিনি একই বার্তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকেও পৌঁছে দিয়েছেন।

লেবাননের পরিস্থিতি নিয়ে ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে তেহরানের ওপর সর্বশক্তি দিয়ে আঘাত করা হবে বলেও তিনি সতর্ক করেন। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চুক্তির সমালোচনা করেছেন।

তিনি মনে করেন ট্রাম্পের এই চুক্তি ইসরায়েলকে কোনো কাজে বাধ্য করতে পারে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে, যেখানে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

তবে এই ঘোষণার পরও সোমবার দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি কর্মকর্তাদের তথ্যমতে, চলমান হামলায় কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এস এম/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language