ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জ, ১৪ জুন – সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজা।
রোববার দুপুরে সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক সুমন কর্মকার তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরবর্তীতে দুটি মামলায় জামিনের আবেদন জানানো হলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করার নির্দেশ দেন।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জামিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২ এপ্রিল একটি জনসভায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর কর্নেল বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। আদালত সেদিনই মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় গত ২১ এপ্রিল বিচারক আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন।
এনএন/ ১৪ জুন ২০২৬









