বিশ্বকাপে দুঃস্মৃতি মুছে নতুন শুরুর লক্ষ্যে সুইজারল্যান্ডের মুখোমুখি কাতার

সান ফ্রান্সিসকো, ১৩ জুন – বিগত বিশ্বকাপের দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে বিশ্বমঞ্চে মাঠে নামছে কাতার। চার বছর আগে স্বাগতিক দেশ হিসেবে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হারের গ্লানি সহ্য করতে হয়েছিল মধ্যপ্রাচ্যের এই দেশটিকে। তবে এবার এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে তারা।
গ্রুপ বি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কাতারের প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ড। একই গ্রুপের অন্য ম্যাচে কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা ১-১ গোলে ড্র করায় এই ম্যাচের জয়ী দলের সামনে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার বড় সুযোগ রয়েছে।
কাতার জাতীয় দলের স্প্যানিশ কোচ হুলেন লোপেতেগি দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের খেলার ধরনে আমূল পরিবর্তন এসেছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে কাতারের লক্ষ্য কেবল অংশগ্রহণ নয় বরং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ইতিহাস গড়া। তিনি দলের খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন।
অন্যদিকে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া সুইজারল্যান্ডও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। গত কয়েকটি আসরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার আক্ষেপ এবার ঘুচিয়ে দিতে চায় তারা। সুইস অধিনায়ক গ্রানিত জাকা জানান যে তারা শারীরিকভাবে ও মানসিকভাবে জয়ের জন্য প্রস্তুত।
দলটির রক্ষণভাগ বেশ শক্তিশালী হলেও আক্রমণভাগে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ মুরাত ইয়াকিন। পরিসংখ্যান অনুযায়ী এর আগে ২০১৮ সালে এক প্রীতি ম্যাচে কাতার ১-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়েছিল।
সেই জয়ের নায়ক আকরাম আফিফ আজও কাতার দলের অন্যতম প্রধান শক্তি হিসেবে মাঠে নামবেন। দুই দলের এই লড়াইয়ে জয়ী দল নকআউট পর্বের পথে একধাপ এগিয়ে যাবে।
এস এম/ ১৩ জুন ২০২৬









