মার্কিন অভিযান ঠেকাতে ইউরেনিয়াম মজুতে ইরানের কঠোর নিরাপত্তা

তেহরান, ১৩ জুন – যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান থেকে নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রক্ষা করতে ইরান নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরান তাদের পারমাণবিক স্থাপনার ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে এবং প্রবেশপথে শক্তিশালী বিস্ফোরক মাইন বসিয়ে রেখেছে।
মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত পাঁচটি পৃথক সূত্রের মতে, গত কয়েক সপ্তাহে তেহরান এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে। মূলত বোমা তৈরির কাছাকাছি স্তরের সমৃদ্ধ ইউরেনিয়াম যেন কোনোভাবেই মার্কিন বাহিনীর হাতে না পড়ে, তা নিশ্চিত করাই এই ব্যবস্থার মূল লক্ষ্য।
সূত্রগুলো দাবি করছে,
প্রায় আধা টন ওজনের এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখন আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং সময়সাপেক্ষ উপায়ে উদ্ধারযোগ্য হয়ে উঠেছে। গত এক মাস আগেও পরিস্থিতি এতটা জটিল ছিল না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রকাশ্যে সামরিক অভিযানের মাধ্যমে এই উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেন, তারপর থেকেই ইরান এই রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। ইরানের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির ক্ষেত্রেও নতুন জটিলতা তৈরি করেছে।
কারণ দুই দেশের আলোচনার অন্যতম প্রধান শর্ত ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস বা অপসারণ করা। এখন প্রশ্ন উঠেছে, এমন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি থেকে কে এবং কীভাবে এই ইউরেনিয়াম উদ্ধার করবে। এদিকে ইরানের জাতিসংঘ মিশন এবং হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তবে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে যেখানে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে এবং পরে তা ধ্বংস করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই নতুন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ইউরেনিয়াম উদ্ধার করা অত্যন্ত দুরূহ হবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কর্মকর্তা স্কট রোকার জানান, সুড়ঙ্গ খুঁড়ে এবং মাইন সরিয়ে এই বিপজ্জনক পদার্থ বের করতে ভারী যন্ত্রপাতি ও উচ্চতর কারিগরি সক্ষমতার প্রয়োজন হবে। গোয়েন্দা তথ্যানুযায়ী, ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ইসফাহান পারমাণবিক স্থাপনার ভূগর্ভস্থ সুড়ঙ্গে রাখা হয়েছে।
মে মাসে মার্কিন সামরিক বাহিনী একবার এই উপাদান দখলে নেওয়ার পরিকল্পনা করলেও ঝুঁকি বিবেচনায় তা বাতিল করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, ইরানের এই ইউরেনিয়াম অপসারণের বিষয়টি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার সবচেয়ে জটিল অধ্যায়ে পরিণত হয়েছে।
এস এম/ ১৩ জুন ২০২৬







