কক্সবাজারে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন তারেক রহমান

কক্সবাজার, ১৩ জুন – কক্সবাজার সফরে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে ঢাকা থেকে বেসরকারি বিমান ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দীর্ঘ দুই যুগ পর তিনি পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছান।
সফরের সূচনালগ্নেই প্রধানমন্ত্রী পিএমখালী এলাকায় পাতলী খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন।
এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার বিমানবন্দর থেকে শুরু করে খালের দুপাশ পর্যন্ত রাস্তার ধারে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার এবং ফেস্টুন হাতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা এবং সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, পিএমখালীর এই পাতলী খালটি সেই ইতিহাসের এক অনন্য সাক্ষী। ১৯৭৯ সালের নভেম্বর মাসে জিয়াউর রহমান নিজে এই খালের খনন কাজ উদ্বোধন করেছিলেন।
বর্তমানে সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের প্রথম পর্যায়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে শুধু খাল খননই নয়, পরিবেশ রক্ষায় খালের পাড় সংরক্ষণ, ব্যাপক বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এনএন/ ১৩ জুন ২০২৬









