ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: বিসিবির গভীর উদ্বেগ ও তদন্তের দাবি

চট্টগ্রাম, ১৩ জুন – চট্টগ্রামে জাতীয় দলের স্পিনার নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড জানিয়েছে যে ক্রিকেটারদের মর্যাদা ও অধিকার রক্ষায় তারা সব সময় শক্ত অবস্থানে রয়েছে।
শুক্রবার রাতে চট্টগ্রামে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিবি।
শনিবার সকালে এক বিবৃতিতে বোর্ড জানায় যে একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমন অগ্রহণযোগ্য আচরণ কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিসিবি।
২৬ বছর বয়সী এই স্পিনার প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে হেনস্তার শিকার হন। লালখান বাজার ফ্লাইওভারের কাছে তাকে সিএনজি থেকে নামিয়ে ডিবি পরিচয়ে পুলিশের গাড়িতে তুলে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের পরিচয় দেওয়ার পরও তিনি রেহাই পাননি বলে জানা গেছে।
বোর্ড নাঈম ও তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিষয়টি সমাধানে কাজ করছে বিসিবি। ক্রিকেটারদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে বোর্ড দায়বদ্ধ বলে পুনরুল্লেখ করা হয়েছে।
এনএন/ ১৩ জুন ২০২৬









