সোনার দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা, নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০

ঢাকা, ১৩ জুন – দেশের বাজারে টানা চার দফা কমানোর পর এবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় স্বর্ণের এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দর অনুসারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৫ হাজার ৩৬৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকায়।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা। এর আগে গত জুন মাসে চার দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। ২ জুন ৩ হাজার ২৬৬ টাকা, ৬ জুন ৫ হাজার ৪৮১ টাকা, ১০ জুন ৬ হাজার ৫৯১ টাকা এবং ১১ জুন ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছিল।
সব মিলিয়ে চার দফায় স্বর্ণের দাম কমেছিল ১৯ হাজার ৭৭৭ টাকা। তবে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় প্রেক্ষাপটে আবারও স্বর্ণের দাম বাড়ানোর পথে হাঁটল বাজুস।
স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনএন/ ১৩ জুন ২০২৬







