জাতীয়

মোবাইল সিমের ওপর কর প্রত্যাহারের প্রস্তাব করলেন অর্থমন্ত্রী

ঢাকা, ১১ জুন – আইসিটি খাতকে সমৃদ্ধ করতে মোবাইল সিমের ওপর আরোপিত সুনির্দিষ্ট কর প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এই প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী বলেন যে তথ্যপ্রযুক্তি খাতকে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে গড়ে তুলতে সরকার এই খাতের ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে। বর্তমানে টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২৫ শতাংশ যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

তাই এই খাতের দ্রুত বিকাশে করের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হবে। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

বিশাল এই বাজেটে ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগৃহীত হবে।

এছাড়া আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button