জাতীয়

বিদেশি যন্ত্রপাতি ভাড়া ও প্রযুক্তিতে উৎসে কর অর্ধেকে নামানোর প্রস্তাব

ঢাকা, ১১ জুন – দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়নে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি করতে বাজেটে বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে বিদেশি বা অনিবাসী করদাতাদের যন্ত্রপাতি ভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তব্যে বলা হয়েছে,

শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদ্যমান নিয়মে বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে যন্ত্রপাতি বা প্রযুক্তি ভাড়ায় আনতে হলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে অর্থ পরিশোধের সময় ১৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করতে হয়।

নতুন এই প্রস্তাব কার্যকর হলে করের হার সরাসরি অর্ধেকে নেমে আসবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো নির্মাণ, টেলিযোগাযোগ এবং উৎপাদনমুখী বিভিন্ন শিল্পে অনেক সময় বিদেশি কোম্পানির কাছ থেকে ভারী ও বিশেষায়িত যন্ত্রপাতি লিজ বা ভাড়ায় আনতে হয়।

উৎসে করের হার কমে যাওয়ার ফলে এসব সেবা গ্রহণের খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এতে দেশি প্রতিষ্ঠানগুলো আধুনিক ও উন্নত বিদেশি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবে। বড় বড় বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় যন্ত্রপাতি সরাসরি ক্রয়ের চেয়ে ভাড়ায় আনা বেশি লাভজনক হয়।

তবে উচ্চ করের কারণে এ খাতে এতদিন ব্যয় অনেক বেশি ছিল। করের হার কমানোর ফলে বিদেশি সেবা ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছেও বাংলাদেশ একটি আকর্ষণীয় বাজার হিসেবে গণ্য হবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language