বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় ছাড়ের প্রস্তাব বাজেটে

ঢাকা, ১১ জুন – পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত করতে বৈদ্যুতিক গাড়ি (ইভি), প্লাগ-ইন হাইব্রিড এবং চার্জিং অবকাঠামো আমদানিতে বড় ধরনের শুল্ক ও কর ছাড়ের প্রস্তাব করেছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে,
প্রস্তাবিত বাজেটে জীবাশ্ম জ্বালানিচালিত কিছু গাড়ির ওপর কর বাড়িয়ে পরিবেশবান্ধব গাড়ির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে মোট করভার প্রায় ৯৩ শতাংশ।
নতুন প্রস্তাবে ২৫ হাজার ডলার মূল্যের গাড়ির ক্ষেত্রে এটি কমিয়ে ৬৪ শতাংশ এবং ৫০ হাজার ডলার পর্যন্ত মূল্যের গাড়ির ক্ষেত্রে ৮০ শতাংশ করার কথা বলা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে।
একইসঙ্গে অন্যান্য ইলেকট্রিক বাস ও ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ছাড়া বাকি সব শুল্ক কর অব্যাহতির সুবিধা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বজায় রাখার প্রস্তাব করা হয়েছে। নতুন প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ক্ষেত্রেও কর কমানোর প্রস্তাব এসেছে। ১ হাজার ৮০০ সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ হাইব্রিড গাড়ির মোট করভার ৯৩ দশমিক ১৬ শতাংশ থেকে কমিয়ে ৭৩ দশমিক ৪৩৭ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।
দেশব্যাপী চার্জিং নেটওয়ার্ক বাড়ানোর লক্ষ্যে চার্জার ও চার্জিং স্টেশন আমদানিতে বিদ্যমান ৩৯ দশমিক ৭৫ শতাংশ কর পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসি ক্ষমতার জ্বালানিচালিত সাধারণ গাড়ির ওপর করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫ দশমিক ৮৮ শতাংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে অন্যান্য শ্রেণির গাড়ির ক্ষেত্রে বিদ্যমান করহার অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে।
এস এম/ ১১ জুন ২০২৬









