পাবনায় কিশোরী হত্যার জেরে অগ্নিসংযোগ: চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু

পাবনা, ৯ জুন – পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুইজন এবং গত সোমবার বিকেলে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার সুমন শেখ এবং নতুনপাড়া এলাকার সাইফুল ইসলাম সাব্বির ও সাপু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে গত ৩ জুন পদ্মা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় নিখোঁজ এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এর পরদিন ৪ জুন ওই কিশোরীর দাফন শেষে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই সময় বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন।
অগ্নিকাণ্ডের সময় অভিযুক্তরা বাড়িতে না থাকলেও উৎসুক জনতা ও প্রতিবেশীরা দগ্ধ হন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান যে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য যে কিশোরী হত্যার ঘটনায় নিহতের কথিত প্রেমিকসহ তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এনএন/ ৯ জুন ২০২৬









